১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে মাকে অচেতন করে ৩ মাসের শিশু চুরি

দুপুরে রহিমা তার মেয়েকে কোলে নিয়ে বাজারের উদ্দেশে বের হওয়ার প্রায় এক ঘণ্টা পর একা বাসায় ফেরেন বলে জানায় পুলিশ।

মাদারীপুরে মাকে অচেতন করে ৩ মাসের শিশু চুরি
মাদারীপুরের শিবচরে শিশু চুরির ঘটনায় স্বজনদের আহাজারি।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2025, 09:05 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

মাদারীপুরের শিবচর উপজেলায় মায়ে চেতনানাশকের মাধ্যমে অচেতন করে তিন মাস বয়সি এক শিশুকে চুরির অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার ডিসি রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শিবচর থানার ওসি রকিবুল ইসলাম।

খবর পেয়ে পুলিশের একাধিক দল শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে বলে জানান তিনি।

নিখোঁজ শিশু মারিয়া উপজেলার চক বাজার জামে মসজিদের মুয়াজ্জিন রফিকুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্বজনরা জানান, রফিকুল স্ত্রী ও তিন মেয়েসহ ডিসি রোড এলাকার হাজী আব্দুর রশিদ মোল্লার ভাড়া বাসায় বসবাস করেন। দুপুরে রফিকুলের স্ত্রী রহিমা তার মেয়ে মারিয়াকে কোলে নিয়ে বাসা থেকে বাজারের উদ্দেশে বের হন। 

প্রায় এক ঘণ্টা পর রহিমা শিশুটিকে ছাড়া একা বাসায় ফেরেন। বাসার লোকজন মারিয়ার কথা জিজ্ঞেস করলে রহিমা জ্ঞান হারান। 

চেতনা ফিরলে রহিমা বলেন, বাজারে যাওয়ার পথে রাস্তার মাঝে কেউ তাকে অচেতন করে মারিয়াকে চুরি করে নিয়ে গেছে। আর তাকে উপশহর এলাকায় ফেলে রেখেছিল। চেতনা ফিরে পাওয়ার পর কোনোমতে বাসায় আসেন তিনি। আর কোনো কিছুই তার মনে নেই।

বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলতে বলতে রহিমা বারবার জ্ঞান হারালে তাকে হাসপাতালে চিকিৎসা শেষে বিশ্রামে রাখা হয়েছে।

শিশুটির বাবা রফিকুল বলেন, “আমার স্ত্রী প্রায় দুই মাস ধরে মানসিকভাবে একটু অসুস্থ। রাস্তার মাঝে কেউ তাকে চেতনানাশক নিয়ে শিশুটিকে চুরি করে নিয়ে গেছে। 

“সে (রহিমা) একেক সময় একেক রকম কথা বলছে। তার কোনো কথার সঙ্গে কোনো কথার মিল খুঁজে পাচ্ছি না। আমি আমার মেয়েকে ফেরত চাই।”

ওসি রকিবুল ইসলাম বলেন, “ঘটনাস্থলসহ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। শিশুটি উদ্ধারে মাঠে একাধিক টিম কাজ করছে।”