Published : 19 Aug 2025, 06:29 PM
ফরিদপুরের মধুখালী উপজেলায় নিখোঁজের তিনদিন পর চতুর্থ শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার কোরকদী ইউনিয়নের বাঁশপুর এলাকার একটি ক্ষেত থেকে সোমবার লাশটি উদ্ধার করা হয় বলে মধুখালী থানার ওসি এস এম নুরুজ্জামান জানিয়েছেন।
মৃত ১১ বছর বয়সী তামিম তালুকদার মধুখালীর বর গোপালদী গ্রামের সৌদি প্রবাসীর শামীম তালুকদারের ছেলে এবং বড় গোপালদী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
শিশুটির পরিবারের সদস্যরা বলছে, গত ১৫ অগাস্ট তামিম নিখোঁজ হয়। ওই দিন রাতেই পরিবারের কাছে ফোন দিয়ে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতেও চেয়েছিল পরিবার। তারপরও শেষ রক্ষা হয়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ ১৮ অগাস্ট তুহিন শেখ নামের এক যুবককে আটক করে।
পরে তার দেওয়া তথ্যে ওইদিন রাতেই একই উপজেলার কোরকদী ইউনিয়নের বাঁশপুর এলাকার একটি জমির আইলে আবর্জনা দিয়ে ঢেকে রাখা অবস্থায় তামিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে আরও একজনকে আটক করে পুলিশ।
এ নির্মম হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী।
ওসি নুরুজ্জামান বলেন, “পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত তুহিন শেখকে আটক করে। পরে তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক লাশ উদ্ধার করা হয়।
“তদন্ত করে ঘটনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে আইনের আওতায় আনা হবে। এই চক্রটি আরও কোন ঘটনার সঙ্গে সম্পৃক্ত রয়েছে কিনা তা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে।”
পুলিশ আটক দুইজনকে সাত দিনের রিমান্ডে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ।