Published : 09 Jul 2025, 09:34 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুতা কারখানার শ্রমিক সজল মিয়া হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছে আদালত।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ শুনানি শেষে এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ জাকির।
আসামির পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আওলাদ হোসেন। তিনি বলেন, তারা উচ্চ আদালতে যাবেন।
মামলা থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে গুলিবিদ্ধ হন সজল। ২০ বছর বয়সি এই তরুণ স্থানীয় একটি জুতা তৈরির কারখানায় কাজ করতেন।
সেই সময় সজলের পেটে গুলি লাগে। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয় এলাকাবাসী। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে দেশের পরিস্থিতি বেগতিক দেখে ময়নাতদন্ত না করেই তার লাশ দ্রুত গ্রামের বাড়িতে নিয়ে দাফন করেন স্বজনরা।
সজলের মৃত্যুর ১০ মাস পর চলতি বছরের ১৬ মে তার মা রুনা বেগম সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ আওয়ামী লীগের ৬২ নেতাকর্মীকে আসামি করা হয়। আসামির তালিকায় সেলিনা হায়াৎ আইভীও আছেন।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ অগাস্ট দেশের বাকি সিটি করপোরেশনগুলোর মত মেয়র আইভীকেও অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর ৩ সেপ্টেম্বর পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় প্রথমবার আসামি করা হয় আইভীকে।
চলতি বছরের ৯ মে সকালে মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ নগরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ।
জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় করা অন্তত ছয়টি মামলায় সাবেক এ সিটি মেয়রকে আসামি করা হয়েছে।
দুটি হত্যা মামলায় আইভীকে দুই দফায় চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আরেকটি হত্যা মামলায় ৭ জুলাই আইভীকে আরও দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
তুহিন হত্যা মামলায় আইভী রিমান্ডে