২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রংপুরে বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে বাস পুকুরে, নিহত ৩

“এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুসহ তিন জনের লাশ উদ্ধার করেন।”

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 01:00 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

রংপুরের পীরগাছায় বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস পুকুরে উল্টে গিয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

বুধবার রাত ১১টার দিকে উপজেলার বেলতলী এলাকার দেউতি জব্বারের দোকান সংলগ্ন এলাকার রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান।

হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, “রংপুর সিটি করপোরেশনের নজিরেরহাট এলাকা থেকে ৫০-৬০ জন যাত্রী একটি বৌভাতে অংশ নিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে গিয়েছিলেন। দাওয়াত খেয়ে বাসে করে ফিরছিলেন তারা। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

“তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুসহ তিন জনের লাশ উদ্ধার করেন।”  

নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।   

তিনি বলেন, নিহতদের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।