Published : 19 Jan 2026, 03:12 PM
দল মনোনীত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনের স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
সোমবার সকালে কুমিল্লা নগরীর বাদুরতলায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ জেলা বিএনপির সহ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে হাজী আমিন উর রশিদ ইয়াসিন বলেন, “আমি দল করি দলকে ক্ষমতা আনার জন্য দলের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য দেশ এবং জনগণের উন্নয়নের জন্য।
“এর কারণেই দলের চেয়ারম্যানের সাথে একমত হয়ে আমি তাকে কথা দিয়েছি-ঠিক আছে আপনার কথা মেনে নিলাম। তার সাথে বৈঠক করে বের হয়ে আসার আগে আমার হোয়াটসঅ্যাপে সমন্বয়কের দায়িত্ব পাওয়ার চিঠি চলে এসেছে।”
তিনি বলেন, “দলের প্রতি শ্রদ্ধা রেখে যে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম তা উইথড্র করে ফেলছি। প্রত্যাহারের পত্র সাবমিট করে ফেলেছি। এর কপি আমি সাংবাদিকদের কাছে পৌঁছে দেবো।
“যেহেতু দল আমাকে কুমিল্লা দক্ষিণ জেলার ছয়টি সংসদীয় আসনের সমন্বয়কের দায়িত্ব দিয়েছে, আমি যেন এসব আসনে বিএনপির প্রার্থীদেরকে বিজয়ী করে তারেক রহমানের হাতে তুলে দিতে পারি-এই জন্য সবাই আমাকে সহযোগিতা করবেন।”
মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনটি জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে পাঠিয়েছেন বলেও জানান হাজী ইয়াছিন।
এ প্রসঙ্গে কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, “আজকে আমরা সবাই কুমিল্লার ইতিহাসে কালের সাক্ষী হয়ে গেলাম। আমাদের দলীয় রাজনীতিতে বিভিন্ন সময়ে বিভাজন সংকটে ফেলেছে; কুমিল্লাকে এগিয়ে নিতে সমস্যা হয়েছে।
“এসব সমস্যা সমাধানের পথে হাজি ইয়াসিনের সিদ্ধান্ত আগামী দিনের নতুন পথের পাথেয় হবে।”
বিএনপি দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকেই মনোনয়ন বঞ্চিত হাজী আমিনুর রশিদ ইয়াসিন দলের মনোনয়ন প্রত্যাশায় একটানা আন্দোলন, প্রতিবাদ ও দলীয় কর্মসূচি পালন করে আসছিলেন।