Published : 09 Feb 2026, 03:40 PM
কুষ্টিয়ার সাবেক পৌর মেয়র আনোয়ার আলীসহ তিনজনের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদক মামলা করেছে।
সোমবার সকালে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় মামলাটি দায়ের করেন বলে বলে দুদকের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মান্নাফ জানিয়েছেন।
সাবেক মেয়র আনোয়ার আলী শহরের আড়ুয়াপাড়া শহীদ ইয়াকুব আলী সড়কের বাসিন্দা মনোয়ার আলীর ছেলে।
ওই মামলার বাকি দুই আসামি হলেন- শহরের কুঠিপাড়া এলাকার বাসিন্দা মাহাতাব উদ্দিনের ছেলে পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা মো. কামাল উদ্দিন এবং বাড়াদী গ্রামের বাসিন্দা তাজউদ্দিন মোল্লার ছেলে পৌরসভার সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।
মামলার বিবরণে বলা হয়, কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলী ২০০৪ সালের ২৬ জুলাই প্রয়োজনীয় রেকর্ড বা রেজুলেশন ছাড়া অগ্রণী ব্যাংক থানাপাড়া শাখায় ‘দরিদ্র তহবিল’ নামে একটি চলতি হিসাব চালু করেন।
তিনি ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে বৈধ রেকর্ড ছাড়া বিল্ডিং অনুমোদনের ফি ও লাইসেন্স ফি থেকে অতিরিক্ত অর্থ আদায় করেন এবং সেই টাকা ‘দরিদ্র তহবিলে’ জমা দেন।
আদায়কৃত অর্থ ব্যাংকে জমা দিয়ে যথাযথ রেকর্ড বা রেজুলেশন ছাড়াই বিভিন্ন খাতে ব্যয় দেখিয়ে পরস্পর যোগসাজশ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মোট ৫ কোটি ২১ লাখ ৭ হাজার ৫৬৯ টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
দুদকের আইনজীবী আব্দুল মান্নাফ বলেন, কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলীসহ তার স্ত্রী আকতার জাহান, ছেলে পারভেজ আনোয়ার ও পূত্রবধু নোশিন শারমিনের বিরুদ্ধে ২০২৪ সালের ১ এপ্রিল দায়ের করা আরেকটি মামলা তদন্তাধীন আছে।