২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শরীয়তপুরে আইনজীবী সমিতির কার্যালয়ে বোমা হামলা, প্রতিবাদে মানববন্ধন

“কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে বোমা হামলা করেছে দলটি।”

শরীয়তপুরে আইনজীবী সমিতির কার্যালয়ে বোমা হামলা, প্রতিবাদে মানববন্ধন
শরীয়তপুরে আইনজীবী সমিতির কার্যালয়ে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত শাটার।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 04:55 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

শরীয়তপুর সদর উপজেলায় আইনজীবী সমিতির কার্যালয়সহ দুই স্থানে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের শাটারের একাংশ উড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনার প্রতিবাদে সোমবার সকালে সদর উপজেলার চিকন্দি আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার মধ্যরাত উপজেলার চিকন্দি সহকারী জজ (মোনসেফ) আদালতের আইনজীবী সমিতির কার্যালয় ও এক আইনজীবীর চেম্বারে হামলার ঘটনা ঘটে বলে জানান চিকন্দি পুলিশ ফাঁড়ির এসআই মো. সুজন সিকদার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে কে বা কারা আইনজীবী সমিতির কার্যালয় এবং চিকন্দি বাজারে অবস্থিত জজ কোটের পিপি, জিপি ও চিকন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি রুবায়েত আনোয়ার মনিরের চেম্বার লক্ষ্য করে হাতবোমা ছুড়ে পালিয়ে যায়।

এতে আইনজীবী সমিতির কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বোমার আঘাতে আইনজীবী মনিরের চেম্বারের শাটার ভেঙে দুমড়েমুচড়ে গেছে। মধ্যরাতে বোমার বিকট শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়ায়।

এ ঘটনার প্রতিবাদে দুপুরে চিকন্দি আইনজীবী সমিতির উদ্যোগে কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। এতে চিকন্দি আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আকন্দ, সমিতির বর্তমান সভাপতি আব্দুল মান্নান তালকদার এবং জাকির হোসেন তালুকদার বক্তব্য দেন।

চিকন্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সজীব ফকির বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে বোমা হামলা করেছে দলটির নেতাকর্মীরা।”

চিকন্দি আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান তালুকদার বলেন, “বোমা হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যারা এ ধরনের কাজ করেছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।”

এসআই সুজন সিকদার বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।