Published : 11 Sep 2026, 06:51 PM
লক্ষ্মীপুরে এক লাখ টাকা ‘চাঁদা না পেয়ে’ এক ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকাল ৫টার দিকে শহরের দক্ষিণ তেমুহনী এলাকার একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন একই এলাকার মৃত ধনু মিয়ার ছেলে।
ফুড কেমিক্যাল ব্যবসায়ী শাহেদ আলমের ভাষ্য, তিনি লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকার কালী বাজার সড়কে ব্যবসা করেন। মঙ্গলবার দুপুরে স্থানীয় দেলোয়ার পেট্রলের বোতল নিয়ে তার দোকানে আসেন। এ সময় তিনি দোকানের মালামালের ওপর পেট্রল ছিটিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন।
তিনি বলেন, “চাঁদা দিতে রাজি না হওয়ায় দোকানে তার পাশে বসে থাকা ব্যবসায়ী কৃষ্ণপালের শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে তাকে টেনেহিঁচড়ে মারধর করা হয়। এ সময় দোকানের কর্মচারী সোহাগ বাধা দিলে তাকেও মারধর করা হয়।
“এ সময় আশপাশের লোকজন আমাকে উদ্ধার করতে এগিয়ে এলে দেলোয়ার, তার ছোট ভাই শাকিল ও ভাগিনা মুন্না দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
এদিকে চাঁদা দাবি ও ব্যবসায়ীদের মারধরের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
তিনি বলেন, “খবর পেয়েই আমি ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। এরপর থেকে বাজারের ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।”
পরিদর্শক শফিকুর রহমান বলেন, “এ ঘটনায় ব্যবসায়ী শাহেদ আলম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। এতে দেলোয়ারকে প্রধান এবং শাকিল ও মুন্নাকে আসামি করা হয়।
“ইতোমধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতেও অভিযান চলছে।”
আসামিরা সবাই মাদকাসক্ত বলে দাবি এ পুলিশ কর্মকর্তার।