১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নিঝুমদ্বীপে ভেসে আসা মরদেহ উদ্ধার

“বাগানে জোয়ারের পানি থাকায় মরদেহটি তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হয়নি। দুপুরে পরিস্থিতি অনুকূলে আসায় আমরা দ্রুত মরদেহটি উদ্ধার করি।”

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2026, 04:48 PM

Updated : 11 Sep 2026, 03:40 PM

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে জোয়ারের সময় ভেসে আসা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ ২৯ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। 

স্থানীয়দের নজরে আসার একদিন পর, শুক্রবার বেলা ৪টার দিকে নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ‘হাসি মার্কেট’ সংলগ্ন কেওড়া বন থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন জানিয়েছেন। 

তিনি বলেন, “মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সেটি নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নিঝুমদ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্র।”

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকাল বেলা ১১টার দিকে ‘হাসি মার্কেট’ সংলগ্ন কেওড়া বনে প্রথম মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

তবে দীর্ঘ সময় পার হলেও মরদেহ উদ্ধার না হওয়ায় পুলিশ ও নৌ-পুলিশের মধ্যে ‘সমন্বয়হীনতার’ অভিযোগ তোলেন তারা।

নিঝুমদ্বীপ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক আশিকুর রহমান বলেন, তারা বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ তদন্ত কেন্দ্র থেকে শুক্রবার সকালেই লাশটি তুলে আনার কথা জানানো হয়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে নিঝুমদ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুমন বণিক বলেন, “কেওড়া বাগানটি মূল সড়ক থেকে প্রায় এক কিলোমিটার দূরে এবং বাগানে জোয়ারের পানি থাকায় মরদেহটি তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হয়নি। 

“বিকালে পরিস্থিতি অনুকূলে আসায় আমরা দ্রুত মরদেহটি উদ্ধার করি।"