কামড় খেয়ে জীবিত গোখরা সাপ নিয়ে হাসপাতালে কৃষক
চিকিৎসক বলেন, সাপটি সঙ্গে নিয়ে আসায় ওষুধের ধরন শনাক্ত করতে দেরি হয়নি।
রাজবাড়ীর পাংশা উপজেলায় এক কৃষককে সাপে কামড়েছে। কৃষক সেই সাপ নিয়ে হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন।
সোমবার দুপুরে উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামখোল গ্রামের কৃষক সহমান মোল্লাকে সাপে কামড় দেয়। তিনি ওই গ্রামের মো. মজিবর মোল্লার ছেলে।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গিয়াস উদ্দিন বলেন, দুপুরে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে যান কৃষক সহমান মোল্লা। খড়ের গাদিতে হাত দিতেই সেখানে লুকিয়ে থাকা একটি গোখরা সাপ তার হাতে ছোবল মারে। সহমানের চিৎকার শুনে পরিবারের লোকজন দ্রুত ছুটে আসেন।
তাৎক্ষণিক সাপটিকে ধরে প্লাস্টিকের একটি পাত্রে আটকে ফেলেন। পরে দ্রুত সহমানকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
তিনি বলেন, “সাপটি সঙ্গে নিয়ে আসায় ওষুধের ধরন শনাক্ত করতে দেরি হয়নি। সঙ্গে সঙ্গেই অ্যান্টিভেনাম দেওয়া হয় রোগীকে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।”
