১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ডাম্প ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়, বলছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2025, 12:22 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ডাম্প ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার এসআই মাকসুদুল কবির নকিব জানিয়েছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- নরসিংদীর মনোহরদী উপজেলার সুকন্দি গ্রামের ৪০ বছর বয়সী অলি উল্লাহ।

আরেকজনের বয়স আনুমানিক ৩৫ বয়স বছর বলে পুলিশ ধারণা করলেও তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।  

আহতরা হলেন- সিরাজগঞ্জের হাফিজুর রহমান (৪০), তার স্ত্রী ছালমা বেগম (৩৫) ও তামিম (৪)।

পুলিশ ও এলাকাবাসী বলছে, গাজীপুরের সফিপুর থেকে অটোরিকশায় করে কালীগঞ্জ হয়ে নরসিংদী যাচ্ছিলেন যাত্রীরা। পথে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। 

পরে গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের বিস্তারিত পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে বলে এসআই মাকসুদুল কবির জানান।