Published : 14 Dec 2025, 08:01 PM
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদীদের ড্রোন হামলায় গুরুতর আহত হয়েছেন সেনা সদস্য চুমকি আক্তার। মানিকগঞ্জের ঘিওর উপজেলার পেচারকান্দা এলাকায় তার বাবার বাড়ি।
চুমকির স্বামী মো. ইকরামুল হোসেনও সেনাবাহিনীর সদস্য। ইব্রাহিম আরাবি নামে তাদের দুই বছরের এক ছেলে সন্তান রয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, আহত অবস্থায় চুমকিকে সুদানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার সেনাবাহিনীর মাধ্যমে প্রতিনিয়ত তার খোঁজ-খবর পাচ্ছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানায়, শনিবার দুপুরে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় ছয় বাংলাদেশি নিহত এবং আটজন আহত হন।
রোববার তাদের পরিচয় প্রকাশ করা হয়েছে।
নিহতরা হলেন- কর্পোরাল মো. মাসুদ রানা (নাটোর); সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), শামীম রেজা (রাজবাড়ী) ও শান্ত মন্ডল (কুড়িগ্রাম); মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।
আহত শান্তিরক্ষীরা হলেন—লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান (কুষ্টিয়া), সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন (দিনাজপুর), কর্পোরাল আফরোজা পারভিন ইতি (ঢাকা), ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম (বরগুনা); সৈনিক মো. মেজবাউল কবির (কুড়িগ্রাম), মোসা. উম্মে হানি আক্তার (রংপুর), চুমকি আক্তার (মানিকগঞ্জ) ও মো. মানাজির আহসান (নোয়াখালী)।
আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে আইএসপিআর বলছে, তাদের মধ্যে সৈনিক মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় তার অস্ত্রোপচার করা হয়েছে।
রোববার বিকালে চুমকির স্বামী সেনাসদস্য ইকরামুল হোসেন বলেন, “এ বছরের ৭ নভেম্বর জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সুদানে যান চুমকি। সেখানে শনিবার বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর গ্রেনেডের কয়েকটি স্প্লিন্টার তার ডান হাত এবং ডা পায়ে লেগেছে। পরে তাকে হেলিকপ্টারে ৭০০ কিলোমিটার দূরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
চুমকি আক্তার ঘিওর উপজেলার পেচারকান্দা এলাকার আব্দুল হামিদ ও জহুরা বেগমের মেয়ে। তিনি ছেলে ইব্রাহিম আরাবিকে মায়ের কাছে রেখে গেছেন।
চুমকি আক্তারের মা জহুরা বেগম বলেন, “আমার চার মেয়ের মধ্যে চুমকি সবার ছোটো। তার ছেলেকে আমার কাছে রেখে গেছে।”
কান্নাজড়িত কণ্ঠে বলেন, “তার ডান হাত ও পায়ে আঘাত লাগছে। ওই দেশে হাসপাতালে ভর্তি আছে। আমার স্বামী কৃষিকাজ করে। আমাগো কোনো ছেলে নাই।”
আরও পড়ুন:
সুদানে নিহত শান্তিরক্ষী: বিকালে স্ত্রীর সঙ্গে কথা, রাতে সবুজের
সুদানে হতাহত শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ
সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে হামলায় ৬ বাংলাদেশি নিহত