Published : 27 Apr 2026, 11:24 AM
বগুড়ার গাবতলী উপজেলায় কালবৈশাখী ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর পড়ে এক ব্যবসায়ীর প্রাণ গেছে।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে বলে গাবতলী মডেল থানার ওসি রাকিব হাসান জানিয়েছেন।
নিহত ৫২ বছর বয়সী উমা চন্দ্র গাবতলীর চক্রাধিকা পশ্চিম পাড়া গ্রামের কালিদাসের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি রাকিব হাসান বলছেন, “ভোরে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে দোকানের পাশে থাকা একটি বড় বটগাছ ভেঙে পড়ে উমা চন্দ্রের দোকানের ওপর। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
“খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে মরদেহ উদ্ধারের কাজ শুরু করেন।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।