১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় হাতকড়াসহ পালানো আওয়ামী লীগ নেতা সাভারে গ্রেপ্তার

র‌্যাব বলছে, তার বিরুদ্ধে হত্যাসহ জুলাই-অগাস্টে সহিংসতার মোট ১৪টি মামলা তদন্তাধীন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 01:51 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

বগুড়ার শিবগঞ্জে পুলিশকে আক্রমণ করে হাতকড়াসহ পালিয়ে যাওয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজ্জাকুল ইসলাম ওরফে রাজুকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, বুধবার সন্ধ্যার দিকে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রাজু শিবগঞ্জ উপজেলার চক ভোলা খাঁ গ্রামের বাসিন্দা।

র‌্যাব বলছে, তার বিরুদ্ধে দুটি হত্যাসহ জুলাই-অগাস্টের সহিংসতার মোট ১৪টি মামলা তদন্তাধীন। গত বছর ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জান বলেন, গত ৪ অক্টোবর রাতে চক ভোলাখাঁ গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে রাজুকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কিন্তু থানায় নেওয়ার পথে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ রাজুকে ছিনিয়ে নেয়।

ঘটনার পর দায়িত্বে গাফিলতির অভিযোগে অভিযানে থাকা এসআই আবদুল্লাহ আল মামুনকে প্রত্যাহার করা হয়। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা পুলিশ।

ওই ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ২০০-২৫০ জনকে আসামি করে মামলা হয়। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করে; যাদের মধ্যে ১১ জন নারী বলে ওসি শাহীনুজ্জান জানান।

এ ঘটনার পর থেকেই চক ভোলাখাঁ গ্রাম প্রায় জনশূন্য হয়ে পড়ে।

স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, রাজুকে গ্রেপ্তার করে বগুড়ায় আনা হয়েছে। বৃহস্পতিবার তাকে শিবগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।