১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাটে গরুবাহী ভটভটি উল্টে খামারির মৃত্যু

ভটভটিতে কয়েকটি গরু নিয়ে মফিজুলসহ কয়েকজন ব্যবসায়ী লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি হাটে যাচ্ছিলেন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2026, 04:31 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গরুবাহী একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক খামারির মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুজন।

বুধবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পলাশী ইউনিয়নের রামদেব এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই তাজুল ইসলাম জানিয়েছেন।

নিহত মফিজুল ইসলাম (৫৫) রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি খামারের পাশাপাশি গরু কেনাবেচার ব্যবসাও করতেন।

এসআই তাজুল বলেন, সকালে গঙ্গাচড়া থেকে একটি ভটভটিতে কয়েকটি গরু নিয়ে মফিজুলসহ কয়েকজন ব্যবসায়ী লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি হাটে যাচ্ছিলেন।

“পথে রামদেব এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গর্তে উল্টে যায়। এতে মফিজুলসহ গাড়িতে থাকা তিন আরোহী গুরুতর আহত হন।”

স্থানীয়রা তাদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মফিজুলের মৃত্যু হয়।

আহত আব্দুল গফুর ও ভটভটি চালককে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।