Published : 16 Jul 2026, 06:18 PM
বন্যা দুর্গত এলাকায় আপাতত কিস্তি বন্ধ রাখার জন্য ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাগুলোর প্রতি অনুরোধ করেছেন বিদ্যুৎ, খনিজ সম্পদ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেছেন, “একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, যেসব এনজিও ক্ষুদ্র ঋণের মাধ্যমে কিস্তি আদায় করে তাদেরকে বলব, জুলাই মাসে বন্যা দুর্গত এলাকায় কিস্তি আদায় বন্ধ রাখেন। সরকার সেভাবে সিদ্ধান্ত নিয়েছে।”
বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন করা হবে জানিয়ে তিনি বলেন, “আগামী সপ্তাহ থেকে বন্যা দুর্গত এলাকায় খাদ্য সহায়তা চালু করবে সরকার। যেটা অগাস্ট মাস থেকে হওয়ার কথা ছিল সেটা আমরা আগামী সপ্তাহে শুরু করব। এতে কর্মহীন বা হতদরিদ্র মানুষ খাদ্য সহায়তা পাবে।”
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, “বন্যায় কৃষি, মৎস্য, সড়ক ও গ্রামীণ সড়কের যে ক্ষতি হয়েছে তা পূরণে সরকার শিগগির কাজ শুরু করবে।”
জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, পুলিশ সুপার মো. মোরতাজা আলী খাঁন উপস্থিত ছিলেন।