১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হাদির কফিন আসবে সন্ধ্যায়: ঢাকার পথে পরিবার

“হাদির লাশ ঢাকায় আসবে। এ জন্য আমরা ঢাকা যাচ্ছি।”

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 02:42 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির বোন ও ভগ্নিপতি ঢাকার উদ্দেশ্যে গ্রামের বাড়ি ছেড়েছেন।

শুক্রবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকা থেকে হাদির ছোট বোন মাসুমা ও তার স্বামী আমির হোসেন হাওলাদার ঢাকার পথে রওনা দেন।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদির লাশ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে দেশে আনা হবে।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে হাদির কফিন শুক্রবার দেশে আনা হবে। স্থানীয় সময় বিকাল সাড়ে ৩ টা ৫০ মিনিটে ফ্লাইট ছাড়বে, ঢাকায় নামবে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে।

হাদির বোন জামাই আমির হোসেন বলেন, “হাদির লাশ ঢাকায় আসবে। এ জন্য আমরা ঢাকা যাচ্ছি।”

ওসমান হাদির বৃদ্ধ মা ও তার স্ত্রী ঢাকাতেই থাকতেন। হাদির মৃত্যুর খবর শুনে শুক্রবার সকালে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহলের বাসায় আত্মীয়-স্বজনরা ছুটে আসেন। সেখানে তার ছোট বোন মাসুমা এবং তার স্বামী আমির হোসেন হাওলাদারও ছিলেন।   

হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। হাদির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে তাকে গুলি করে মোটরসাইকেলে করে আসা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।

গুরুতর আহত হাদিকে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার সেখানেই তার মৃত্যু হয়।