১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে শিশুর মৃত্যু

ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2026, 07:03 PM

Updated : 11 Sep 2026, 03:23 PM

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী ঘাটসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি একরামুল হোসেন জানান।

মৃত শিশুরা হল- বাখের আলী গ্রামের জহুরুল ইসলামের মেয়ে কারিমা (৮) এবং একই ইউনিয়নের চাকপাড়া গ্রামের কাজল আহাদের মেয়ে ইসরাত (৭)।

ওসি একরামুল হোসেন স্থানীয়দের বরাতে বলেন, “কয়েকজন শিশুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে কারিমা ও ইসরাত নদীর গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করলেও তাদের খুঁজে পায়নি।

“পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।”

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে বেলা ২টা ৪০ মিনিটে কারিমার এবং বেলা ৪টা ১০ মিনিটে ইসরাতের মরদেহও উদ্ধার করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।