ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে ট্রাকচাপায় পথচারী নিহত
দুর্ঘটনার পর ট্রাক চালককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে ফতুল্লা স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানিয়েছেন।
নিহত আবুল হোসেন (৫৫) নরসিংদী সদর উপজেলার রজব আলীর ছেলে। তিনি বেসরকারি একটি ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, ফতুল্লা স্টেডিয়াম এলাকার একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ছেলেকে দেখতে এসেছিলেন আবুল হোসেন। ছেলের সঙ্গে দেখা করে ফেরার পথে সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকচালক রুমান মোল্লাকে (২৩) আটক করে পিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয় বলে ওসি মাহবুব আলম জানিয়েছেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
