১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুরে পৌরসভায় ময়লার ভাগাড় সরিয়ে ‘আকাশনীলা‘ উদ্যান

আগামী পাঁচ বছরের মধ্যে ‘আকাশনীলা’ পৌর উদ্যান হিসেবে শহরের মানুষের চিত্ত বিনোদনের স্থান হয়ে উঠবে বলে মনে করেন পৌর প্রশাসক।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2026, 12:17 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

শেরপুর পৌরসভার দীর্ঘদিন ধরে পড়ে থাকা ময়লার ভাগাড় সরিয়ে উদ্যান গঠনে বৃক্ষ রোপণ করা হয়েছে। ‘আকাশনীলা’ নামের এ উদ্যানে রোপণ করা হয়েছে ফলদ, বনজ ও ওষুধি গাছের প্রায় ছয়শ চারা।

শনিবার পৌর শহরের শেরপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পাশে আমনকুড়া বিল এলাকায় দুই একর জমিতে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এ সময় জেলা প্রশাসক বলেন, আমনকুড়া বিল এলাকায় এ জমিটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ময়লা-আবর্জনায় ভরাছিল। শহরের মাঝখানে এক টুকরো বনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ময়লা-আবর্জনা পরিষ্কার করে সেখানে বৃক্ষরোপণের এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই স্থানটির নাম দেওয়া হয়েছে ‘আকাশনীলা’।

তিনি আরও বলেন, “আগামী পাঁচ বছরে প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে শেরপুর পৌরসভায় প্রাথমিক পর্যায়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।” 

আগামী পাঁচ বছরের মধ্যে ‘আকাশনীলা’ পৌর উদ্যান হিসেবে শহরের মানুষের চিত্ত বিনোদনের স্থান হয়ে উঠবে বলে মনে করেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা।

তিনি বলেন, “এক সময় এখানে বিভিন্ন পাখপাখালির আশ্রয় ও আবাসস্থল তৈরি হবে। এতে করে প্রাণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা পাবে।” 

এ সময় পুলিশ সুপার একে এ এম জহিরুল ইসলাম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, শেরপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল উপস্থিত ছিলেন। 

এছাড়া শনিবার সারাদিন শেরপুর পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে পরিচ্ছন্ন নগর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচি শেষে অতিথিরা বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি ও পরিচ্ছন্ন শেরপুর গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান।