Published : 22 Feb 2026, 12:37 PM
গোপালগঞ্জের কাশিয়ানীতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
দীর্ঘ ১৯ মাস পর শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ পতাকা উড়তে দেখা গেছে। এনিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিও ও স্থানীয়দের দেওয়া তথ্যে জানা যায়, কাশিয়ানী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য হাসানুর রহমান হাসু কয়েকজন দিনমজুর নিয়ে এ পতাকা উত্তোলন করেছেন।
পরে কার্যালয়ের সামনে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির ওপর জমে থাকা ধুলাবালি পরিষ্কার করেন তারা।
এ সময় তারা ‘জয় বাংলা’ সহ বিভিন্ন দলীয় স্লোগান দেন।
এ বিষয়ে চেষ্টা করেও ইউপি সদস্য হাসানুর রহমান হাসুর বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইলে কল করা হলে স্ত্রী কাকলি খাতুন রিসিভ করেন।
তিনি জানান, তার স্বামী বাড়িতে নেই। তবে তার স্বামী দলীয় অফিসে পতাকা উত্তোলন করেছেন বলে নিশ্চিত করেন তিনি।
এতে স্বামীর কোনো সমস্যা হবে কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন এই গৃহবধূ।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। ফলে দীর্ঘ ১৯ মাস ধরে উপজেলা কার্যালয়টি তালাবদ্ধ ছিল এবং প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ ছিল।
এ বিষয়ে কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, “পতাকা উত্তোলনের বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”