১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মহানবীকে ‘কটূক্তি’: জাবি শিক্ষার্থী বহিষ্কার, তদন্তে কমিটি

সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শামসুল আলমের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মহানবীকে ‘কটূক্তি’: জাবি শিক্ষার্থী বহিষ্কার, তদন্তে কমিটি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2025, 04:55 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ফেইসবুক পেইজে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিলকে বহিষ্কারের তথ্য জানানো হয়।

তৌফিক ইসলাম নাবিল ৫০তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২০-২০২১) শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার মাধ্যমে দণ্ডবিধি ২৯৫(ক) ধারা অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় এবং জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ৪(১) (খ) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিলকে এই বিশ্ববিদ্যালয় হতে সাময়িক বহিষ্কার করেছেন।

পাশাপাশি এই অধ্যাদেশের ধারা ৪(১) (খ) অনুযায়ী সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শামসুল আলমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

এদিকে ঘটনার বিষয়ে জানতে ভূগোল ও পরিবেশ বিভাগের ওই শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করলেও তিনি ধরেননি।

শনিবার তৌফিক ইসলাম নাবিলের মন্তব্যের একটি স্ক্রিনশট ফেইসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি শিক্ষার্থীদের নজরে এলে ক্যাম্পাসজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ওই দিন রাতেই বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে এবং নাবিলের শাস্তি দাবি করে।

রোববার শিক্ষার্থীরা এ ব্যাপারে উপাচার্যের কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেন। অভিযোগে তারা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রাখার স্বার্থে শিক্ষার্থীর দ্রুততম সময়ে বিচার ও স্থায়ী বহিষ্কারের দাবি জানান।