কুমিল্লায় মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত, একপাশের লাইন বন্ধ
সোমবার বিকাল ৩টার দিকে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেন কুমিল্লার নাঙ্গলকোটে লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রাম-ঢাকা রেলপথের একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে।
সোমবার বেলা ৩টার দিকে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন স্টেশন মাস্টার জামাল উদ্দিন।
তিনি বলেন, “বর্তমানে ডাউন লাইনে ট্রেন আসা-যাওয়া করছে। লাকসাম জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগিটি সরিয়ে নিলে আপ লাইনে ট্রেন চলাচল চালু হবে।”
স্টেশন মাস্টার জামাল উদ্দিন বলেন, ট্রেনটি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর ও নাঙ্গলকোটের মধ্যবর্তী খান্নাপাড়া এলাকায় পৌঁছালে ৯ নম্বর শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ারকার ‘ছ বগি’ লাইনচ্যুত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্টেশন মাস্টার আরও বলেন, পরবর্তীতে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
