Published : 24 May 2026, 07:34 PM
বরগুনায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে উঠেছে তার আপন খালুর বিরুদ্ধে।
রোবার দিবাগত রাতে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের খাকদোন গ্রাম থেকে খালুকে গ্রেপ্তার করা হয় বলে আমতলী থানার ওসি আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ জানান।
এর আগে গত ১৮ মে সকালে ওই এলাকায় এ ঘটনা ঘটে। পরে কিশোরীর নানি বাদি হয়ে মামলা করেন।
আটক আলমগীর হোসেন ওই খাকদোন গ্রামের বাসিন্দা।
কিশোরীর নানি বলেন, “আমার নাতনির বয়স যখন দুই বছর তখন তার মা মারা যায়। এরপর থেকেই আমার বাড়িতে সে বড় হয়। গত ১৭ মে রাতে আমার ছোট মেয়ের জামাই আলমগীর হোসেন আমার বাড়িতে বেড়াতে আসে।
“পরদিন সোমবার সকালে আলমগীর আমার নাতিকে ধর্ষণ করে। শনিবার সে আমাকে ঘটনাটি জানালে আমি আমতলী থানায় একটা অভিযোগ দেই।”
নির্যাতনের শিকার ওই কিশোরীর ভাষ্য, “নানা বাড়িতে আমাকে একা পেয়ে আমার খালু আলমগীর হোসেন জোর করে আমাকে ধর্ষণ করেছে। আমি ভয়ে এতদিন মুখ খুলিনি।”
আমতলী থানার ওসি আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ বলেন, “এ ঘটনায় কিশোরির নানি বাদি হয়ে একটা মামলা দায়ের করেন। পরে আমরা অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে রাতে তার নিজ বাড়ি থেকে আটক করি। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।”
ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালের অন স্টপ ক্রাইসিস সেন্টারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।