১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

যমুনা নদীর তীরে মিলল ১১ মর্টার শেল

শেলগুলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ের বলে পুলিশের ধারণা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2025, 12:21 AM

Updated : 26 Aug 2026, 01:10 PM

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর তীরে বিস্ফোরিত ১১টি মর্টার শেল পাওয়া গেছে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাটিতাপাড়া এলাকা থেকে মর্টার শেলগুলো উদ্ধার করা হয় বলে ভূঞাপুর থানার ওসি একে এম রেজাউল করিম জানান।

মরিচা ধরা অবস্থায় শেলগুলো একত্রে পড়ে ছিল। কিছু শেলের ভেতরের অংশ ফাঁপা হয়ে আছে।

তার ধারণা, মর্টার শেলগুলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ের।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, মো. শাহাদত নামে এক ব্যক্তি যমুনা নদীর পাড়ে মাছ ধরতে গিয়ে প্রথমে মর্টার শেলগুলোর দেখতে পান। হঠাৎ এসব বস্তু দেখতে পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানালে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায় এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শেলগুলো উদ্ধার করে সেনা ক্যাম্পে নিয়ে আসে।

এলাকাবাসী বলছেন, উদ্ধার হওয়া শেলগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের। ১৯৭১ সালে পাটিতাপাড়া ও মাটিকাটা যমুনা নদীর তীরে পাকিস্তানি বাহিনীর একটি যুদ্ধ জাহাজ ধ্বংস হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই জাহাজ থেকেই শেলগুলো নদীর তীরে চলে এসেছে।

স্থানীয় রুবেল সরকার, মনির মণ্ডল ও রফিকুল ইসলাম বলেন, তারা গ্রামের জ্যেষ্ঠ ব্যক্তিদের কাছে শুনেছেন এই এলাকায় একটি পাকিস্তানি যুদ্ধ জাহাজ ধ্বংস হয়েছিল। সেই স্মৃতিই যেন আবার ফিরে এসেছে এই শেল উদ্ধারের মাধ্যমে।

নিকরাইল ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে এসে মর্টার শেলগুলো দেখতে পেয়ে ভূঞাপুর থানায় খবর দেন। 

ওসি রেজাউল বলেন, শেলগুলো সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।