পাবনায় গুলি করে গাড়ি থামিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম
বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে হামলার ঘটনা ঘটে বলে দাবি নেতাকর্মীদের।
পাবনার ঈশ্বরদীতে গুলি করে প্রাইভেট কার থামিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর কিন্ডার গার্টেনের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান।
আহত ৪০ বছর বয়সি শরীফ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জয়নগর শিমুলতলা এলাকা থেকে প্রাইভেট কারে করে বাড়ি ফিরছিলেন শরীফ। পথে একদল লোক তার গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে গতিরোধ করেন।
পরে হামলাকারীরা গাড়ি থেকে তাকে বের করে ধারাল অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা শরীফকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শরীফের ব্যবহৃত প্রাইভেট কারটি উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে যায়।
ঘটনার প্রতিবাদ জানিয়ে ঈশ্বরদী উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, “পৈশাচিক এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা দ্রুত তদন্ত করে অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নেতা জানান, ঈশ্বরদীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।
হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শরীফের স্ত্রী লিজা খাতুন।
ওসি আশাদুর রহমান বলেন, খবর পাওয়ার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
