১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যশোরে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি

শিশুটি মায়ের কাছে গিয়ে ঘটনাটি জানায়। তবে লোকলজ্জার ভয়ে কাউকে কিছু না জানিয়ে বিষয়টি গোপন রাখে পরিবার।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2026, 04:16 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

যশোরের শার্শায় তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার শার্শা উপজেলার একটি গ্রামে ওই ঘটনা ঘটলেও পরিবার প্রথমে লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছিল। 

পরে জানাজানি হয়ে গেলে শুক্রবার রাতে শিশুটির পরিবার শার্শা থানায় অভিযোগ করে বলে জানিয়েছেন থানার ওসি মারুফ হোসেন। 

পরে পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রামের জহুর গাজীর ছেলে আলম গাজীকে (৫৬) গ্রেপ্তার করে পুলিশ। 

পরিবারের অভিযোগের বরাতে ওসি মারুফ হোসেন বলেন, বুধবার তিন বছর বয়সের মেয়ে শিশুটি নিজের দাদার সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময়ে প্রতিবেশী দাদা সম্পর্কের আলম গাজী ‘কাঠি ভাজা দেওয়ার’ কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যান।

পরে পাশের একটি ঘেরের টংঘরে শিশুটিকে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন।  এ সময়ে ওই টংঘরের পাশ দিয়ে যাওয়া স্থানীয় নারী শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে সেখানে যান।

তখন আলম গাজী শিশুটিকে ছেড়ে পালিয়ে যান। পরে শিশুটি তার মায়ের কাছে গিয়ে ঘটনাটি জানায়। তবে লোকলজ্জার ভয়ে কাউকে কোন কিছু না জানিয়ে বিষয়টি গোপন রাখে পরিবার।

কিন্তু বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হয়ে পড়লে ভুক্তভোগীর বাব-মা থানায় অভিযোগ করেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় শনিবার থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।