১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

শামিকুল ইসলাম সরকার লিপন ২০২৫ সালের ১৮ অক্টোবর থেকে জেলা কারাগারে ছিলেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 04:12 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

গাইবান্ধা জেলা কারাগারে থাকা পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামিকুল ইসলাম সরকার লিপন মারা গেছেন। 

রোববার ভোর সাড়ে ৪টার দিকে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন। 

শামিকুল ইসলাম সরকার লিপন পলাশবাড়ী উপজেলা সদরের বৈরি হরিণ মারি গ্রামের মৃত আব্দুল জোব্বার সরকারের ছেলে। তিনি পলাশবাড়ী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ছিলেন। 

পরিবারের অভিযোগ, একটি মিথ্যা মামলায় গাইবান্ধা জেলা কারাগারে দীর্ঘ দেড় বছর ধরে তিনি জেল বন্দী ছিলেন। সেখানে ধারণ ক্ষমতার অধিক বন্দীর সঙ্গে কারাগারে থাকায় তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগসহ নানা জটিল রোগে অসুস্থ হয়ে পড়েন।

জেল সুপার আনোয়ার বলেন, গাইবান্ধা সদর থানার একটি জিআর মামলায় আসামি শামিকুল ইসলাম সরকার লিপন বিগত ২০২৫ সালের ১৮ অক্টোবর থেকে জেলা কারাগারে ছিলেন।

তিনি বলেন, শনিবার রাত ১২টার দিকে তিনি গুরুতর অসুস্থ হন। জেল কর্তৃপক্ষ চিকিৎসার জন্য তাকে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকেই পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানান জেল সুপার।