Published : 17 Aug 2025, 09:48 PM
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলস্টেশন এলাকায় তেলবাহী একটি ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে।
রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান আমনুরা স্টেশন মাস্টার হাবিবুল হাসান।
দুর্ঘটনার পর থেকে আমনুরা-রহনপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে স্টেশনে আটকা পড়েছে রহনপুর-ঈশ্বরদীগামী একটি কমিউটার ট্রেন।
তবে বাইপাস রেলপথ থাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
স্টেশন মাস্টার হাবিবুল হাসান বলেন, ফার্নেস ওয়েল নিয়ে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটির সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে স্টেশন এলাকায় পৌঁছালে পাঁচটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তেলবাহী ট্রেনটি উদ্ধারে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে বলেও জানান এই রেল কর্মকর্তা।