Published : 05 Apr 2026, 08:41 PM
লক্ষ্মীপুর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের চকবাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
পুলিশ ও উপজেলা প্রশাসন জানায়, শনিবার রাতে লক্ষ্মীপুর পৌর এলাকার হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাবিবুর রহমান ফাহিম এবং জুলাই ফাইটার্সের কর্মী ও জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার কথা কাটাকাটি হয়।
এ ঘটনায় রোববার চকবাজার মসজিদের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়।
অপরপক্ষে জুলাই ফাইটার্সের কর্মীরা একই সময়ে একই স্থানে তাদের কর্মী আকবর হোসেন মুন্নার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আহ্বান করে।
এ ঘটনায় পৌর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোইয়াপ্রু মারমা পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশ নিষিদ্ধ করেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকালে ১৪৪ ধারা ভঙ্গ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাবিবুর রহমান ফাহিমের নেতৃত্বে ২০-২৫ কর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করতে এলে পুলিশ তাদের বাধা দেয়। এতে উত্তেজনা তৈরি হলে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি হয়।
এ সময় ওসি ছাড়া অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
একই সময় ১৪৪ ধারা ভঙ্গ করে বৈষম্যবিরোধী ছাত্রদের নৈরাজ্যের প্রতিবাদে জুলাই ফাইটার্সের কর্মী ও জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার ৫০-৬০ জন কর্মী মিছিল করেছে।
শহরের চকবাজারসহ আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিয়েছে।