২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় ক্রীড়া প্রতিযোগিতায় দুই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৬

এ ঘটনার পর ক্রীড়া প্রতিযোগিতা সাময়িক স্থগিত করার কথা বলেছেন সাদুল্লাপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 07:28 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা পর্যায়ের গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনার পর ক্রীড়া প্রতিযোগিতা সাময়িক স্থগিত করার কথা বলেছেন সাদুল্লাপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. হারুন আর রশিদ।

আহতরা হলো- লক্ষ্মীপুর রহিমা খাতুন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী হাবিব, গোলাম রব্বানী, সানজিদ হাসান, মোজাহিদ, নাহিদ ও রিফাত। তাদেরকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় বুধবার। শেষ দিন দুপুরে কাবাডি খেলা শেষে ইদিলপুর ইউনিয়নের লক্ষ্মীপুর রহিমা খাতুন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা সাঁতার প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য মাঠের পূর্ব পাশে পুকুর পাড়ে বসে ছিলেন। 

এ সময় সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে গিয়ে তাদেরকে সরে যেতে বলেন। এ নিয়ে প্রথমে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সাদুল্লাপুর পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে মারপিট করেন। 

পরে বিষয়টি নিয়ে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে বাকবিতাণ্ড হয়। এ সময় সাদুল্লাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা লাঠি হাতে লক্ষ্মীপুর রহিমা খাতুন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে স্থানীয় সোনালী ব্যাংক এলাকায় নিয়ে মারপিট করেন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এতে আহত হন ছয় শিক্ষার্থী। 

লক্ষ্মীপুর রহিমা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারুল হুদার অভিযোগ, দ্বিতীয়বার সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালেকের নেতৃত্বে আবারও মারপিট করা হয়। 

তদন্তপূর্বক ঘটনার সুষ্ঠু বিচার ও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে সহকারী শিক্ষক আব্দুল খালেককে একাধিকবার মোবাইল করা হলে তিনি ধরেননি।

সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনশাদ আলী বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটেছে। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

ঘটনার পর ক্রীড়া প্রতিযোগিতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে জানিয়ে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার হারুন আর রশিদ বলেন, উপজেলা কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তীতে বাকি খেলাগুলো আয়োজন করবেন।