Published : 24 May 2026, 10:02 PM
যশোরে দুস্থ ও অসহায়দের জন্য সরকারি বরাদ্দের চাল আত্মসাতের দায়ে এক ইউপি চেয়ারম্যানকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার জেলার বিশেষ দায়রা জজ এসএম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন বলে দুর্নীতি দমন কমিশন-দুদকের সরকারি কৌঁশলি সিরাজুল ইসলাম জানান।
সাজাপ্রাপ্ত বাবুল আক্তার যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়ার ইউপি চেয়ারম্যান। তিনি বর্তমানে পলাতক।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১৮ সালের ডিসেম্বরে ভিজিডি কর্মসূচির আওতায় ২৬০ জন উপকারভোগীর জন্য ৩০ কেজি করে মোট সাত হাজার ৮০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়।
চেয়ারম্যান বাবুল আক্তার ওই বছরের ১০ ডিসেম্বর চাল উত্তোলন করেন। কিন্তু চালগুলো তিনি ইউনিয়ন পরিষদের নিয়ে যাননি বলে ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগ করেন।
প্রাথমিক তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় ২০১৯ সালের ১৬ জানুয়ারি দুর্নীতির অভিযোগে এনে অভয়ানগর থানায় মামলা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রানী মজুমদার।
মামলার তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি আদালতে বাবুল আক্তারের নামে চার্জশিট জমা দেন।
পিপি সিরাজুল ইসলাম বলেন, আসামি বাবুল আক্তারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া আইনের অন্য এক ধারায় বাবুলকে তিন বছর সশ্রম কারাদণ্ড এবং আত্মসাত করা চালের ৩ লাখ ৩৭ হাজার ৫০৮ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। যা আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে আদায় করা হবে।