Published : 01 Sep 2026, 07:58 PM
যশোরের শার্শা উপজেলায় পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে হত্যার পর গ্যাস ট্যাবলেট খেয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের কামাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শার্শা থানার ওসি মো. শামিনুল হক।
মৃতরা হলেন- ওই গ্রামের প্রয়াত নেদন আলীর ছেলে কামাল হোসেন (৪৫), তার ছেলে সাবির (৫) এবং জাবির (২.৫)। তারা কামালের তৃতীয় স্ত্রীর সন্তান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কামালের একাধিক স্ত্রী ছিল। তাদের ঘরে মোট সাত সন্তান রয়েছে। এর মধ্যে দুই স্ত্রীর সঙ্গে আগেই ছাড়াছাড়ি হয়ে যায়।
সম্প্রতি তৃতীয় স্ত্রীর সঙ্গে কালামের দাম্পত্য কলহ চরমে পৌঁছায়। নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় এক সপ্তাহ আগে তিনি বাবার বাড়ি নড়াইলে চলে যান।
দুপুরে কামাল প্রথমে দুই শিশুকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন। এরপর নিজে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি শামিনুল হক বলেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত আত্মহত্যা ও হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।