Published : 04 Sep 2026, 04:53 PM
ময়মনসিংহে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় পৌনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘জামালপুর এক্সপ্রেস’ নগরীর সুতিয়াখালী এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় ট্রেনটির একটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে সাড়ে ৩টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি সুতিয়াখালী এলাকায় পৌঁছালে ইঞ্জিনের সঙ্গে থাকা একটি বগি থেকে পেছনের সব বগি বিচ্ছিন্ন হয়ে যায়।
“বিষয়টি টের পেয়ে চালক ট্রেনটি আবার পেছনের দিকে নিয়ে যান। পরে ট্রেনের কর্মীরা বেলা সাড়ে ৩টার দিকে ট্রেনের বগি সংযুক্ত করেন।”
বিচ্ছিন্ন বগিটি সংযুক্ত করার পর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানান রেলওয়ে থানার ওসি। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।