ভোলার মেঘনায় বালু উত্তোলনে বাধা দেওয়ায় গুলি, আহত ৩
স্পিডবোটে করে একদল লোক এসে গ্রামবাসীর ওপর গুলি ছুড়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
ভোলা সদর উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এলাকাবাসী প্রতিবাদ করায় প্রতিপক্ষের ছোড়া গুলিতে তিনজন বিদ্ধ হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চরে এ ঘটনা ঘটে বলে জানান ভোলা সদর মডেল থানার ওসি হাসনাইন পারভেজ।
আহতরা হলেন- সাহাজান মীর, মো. আলী মৃর্দা এবং অপূর্ব পাটোয়ারী। তারা কাচিয়া ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে স্থানীয় কয়েকজন অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ জানান। এর ঘণ্টা খানেক পর একদল লোক স্পিডবোটে এসে গ্রামবাসীর ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তিনজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করায়।
ওসি হাসনাইন পারভেজ বলেন, “কে বা কারা হামলা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
