Published : 21 Jul 2026, 09:08 PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লোকালয়ে চলে এসেছে কয়েকটি বানর। কয়েকদিন ধরে প্রাণিগুলো দল বেঁধে পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ধারণা করা হচ্ছে খাবারের সংকটে তার বন ছেড়ে শহরে আসতে বাধ্য হয়েছে।
এতে মানুষের মধ্যে একদিকে আতঙ্ক বিরাজ করছে, অপরদিকে শিশুদের কাছে বিষয়টি হয়ে উঠেছে কৌতুহল ও আনন্দের।
স্থানীয়রা জানান, বানরগুলো দিনের বেলা বিভিন্ন সময় এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বেড়ায়। গাছে থাকা ফলমূল খেয়ে ফেলে। কখনো কখনো বাড়ির টিনের চালে উঠে। আবার সুযোগ পেলে ঘরে ঢুকে খাবার নিয়ে যায়। শিশুদের ধাওয়া খেলে দ্রুত গাছে উঠে পড়ে।
বাউতলা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, “ধারণা করছি, টানা বর্ষণের কারণে সীমান্তবর্তী বনাঞ্চল থেকে বানরগুলো খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে।”
আখাউড়া পৌর যুবদলের সদস্য সচিব ও দেবগ্রামের বাসিন্দা মোঃ হুমায়ূন রহমান নয়ন বলেন, “হঠাৎ করেই কয়েকটি বানর এলাকায় দেখা দিয়েছে। বানরগুলো দিনের বেলা বিভিন্ন বাড়ির ছাদে ও গাছে ছোটাছুটি করে। নিমিষেই আবার কোথায় যেন চলে যায়। বানরগুলো দেখে বয়স্করা ভয় বা বিরক্ত হলেও শিশুরা বেশ উপভোগ করছে।”
নয়াদিল গ্রামের বাসিন্দা হালিম মিয়া বলেন, “কয়েক দিন আগে তাঁদের গ্রামেও একইভাবে কয়েকটি বানর দেখা গিয়েছিল। শিশুদের ধাওয়ার পর সেগুলো আর এলাকায় দেখা যায়নি।”
এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া জানান, বিষয়টি বনবিভাগের নজরে আনা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।