আচরণবিধি লঙ্ঘন: পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থী তুহিনকে শোকজ
আগামী ২০ জানুয়ারি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে সশরীরে হাজির হয়ে প্রার্থীকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিনকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
শনিবার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা নিয়ে গঠিত পাবনা-৩ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান পাবনার সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক সঞ্চিতা ইসলাম এ নোটিস দেন।
নোটিসে প্রার্থীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২০ জানুয়ারি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিসে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লিখন সরকার’ নামে আইডিসহ বেশকিছু ফেইসবুক আইডি থেকে ধানের শীষে ভোট চেয়ে এবং স্লোগান দিয়ে স্থিরচিত্রসহ ভিডিও প্রচার করা হচ্ছে। বিষয়টি নির্বাচনি অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়েছে।
নির্বাচনে প্রার্থী হিসেবে তার এসব কার্যকলাপ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ এর লঙ্ঘন বলে প্রতীয়মান হয়।
জাতীয় সংসদ নির্বাচনের তিন সপ্তাহ আগে নির্বাচনি প্রচার শুরু করার কোনো সুযোগ নেই। সেই হিসেবে এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।
আপনার (হাসান জাফির তুহিন) বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পাবনার সিভিল জজ আদালতের বিচারক সঞ্চিতা ইসলামের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ করা হয়।
এ বিষয়ে জানতে বিএনপির প্রার্থী হাসান জাফির তুহিনের মোবাইল নম্বরে কল করা হলে তিনি ফোন ধরেননি। তবে তার ছোট ভাই নির্বাচনি প্রচার কমিটির সদস্য আহমেদ মোস্তফা নোমান বলেন, “আমাদের আগোচরে অতি উৎসাহী কিছু কর্মী-সমর্থক এমন কাজ করেছেন। নির্ধারিত দিনে আদালতে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়া হবে।”
