গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন
বুধবার পহেলা বৈশাখের দুপুরে ঢাকা থেকে আসা আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি মধ্য দিয়ে এই সুবিধার উদ্বোধন হয়েছে।
গোপালগঞ্জের মুকসুদপুরবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উপজেলা সদরের রেল স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে।
বুধবার পহেলা বৈশাখের দুপুরে ঢাকা থেকে আসা আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি মধ্য দিয়ে এই সুবিধার উদ্বোধন হয়েছে। আর সেই ট্রেনেই ঢাকা থেকে সস্ত্রীক এসে মুকসুদপুর স্টেশনে এসে নামেন স্থানীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
তার একান্ত প্রচেষ্টাতেই ঢাকা-বেনাপোল এবং ঢাকা-খুলনাগামী আন্তঃনগর ট্রেনের মুকসুদপুর স্টেশনে যাত্রাবিরতি সম্ভব হয়েছে।
এ উপলক্ষে স্টেশন চত্বরে আয়োজিত উদ্বোধনী সভায়ও প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-১ আসনের এ সংসদ সদস্য।
তিনি বলেন, “মুকসুদপুরের সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি দুই মাসের মধ্যে রক্ষা করতে পেরেছি। আগামীতেও গোপালগঞ্জের সাধারণ মানুষের জন্য কাজ করে যাব। আমি কাজে বিশ্বাসী, কোনো কথায় বিশ্বাসী না। যার প্রমাণ আজকের ট্রেনের যাত্রাবিরতি।
“নির্বাচনের পূর্বে আমি আপনাদের যে সকল কথা দিয়েছিলাম, আগামী ৫ বছরে অক্ষরে অক্ষরে আমি তা পালন করবো ইনশাআল্লাহ।”
সেলিমুজ্জামান সেলিম আরো বলেন, “আমার নেতা তারেক রহমানও কাজে বিশ্বাসী। তিনি নির্বাচনি ইশতেহারে যে কথা দিয়েছেন, তার প্রতিটি কথা রাখার চেষ্টা করে যাচ্ছেন।”
এ সময় তিনি মুকসুদপুরকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান।
জেলা প্রশাসক আরিফ-উজ-জামান বলেন, “মুকসুদপুরে আন্তনগর ট্রেন যাত্রা বিরতি করছে, এটি মুকসুদপুরবাসীর জন্য আনন্দের। ঢাকা- গোপালগঞ্জের ট্রেনও চালু হতে যাচ্ছে। এতে গোপালগঞ্জে যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের দ্বার উম্মোচিত হবে।”
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস এম মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী ও দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু।
