২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জ-১: স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগ

এ ঘটনার পর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঘোড়া প্রতীকের প্রার্থী।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 03:48 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

সিরাজগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর তালুকদারের ঘোড়া প্রতীকের নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার টুকরা ছোনগাছা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম।

কাজিপুর ও সদরের একাংশ নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী আব্দুস সবুর বলেন, “রাতে সবাই নামাজ পড়তে গিয়েছিলাম, অফিসে কেউ ছিল না। এ সুযোগে কে বা কারা নির্বাচনি ক্যাম্পে আগুন দিয়ে পালিয়ে যায়। 

“প্রতিবেশীরা এসে পানি ছিটিয়ে আগুন নেভায়। ততক্ষণে অফিসের ব্যানার, ফেস্টুন ও সামিয়ানাসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে।”

খবর পেয়ে রাতেই পুলিশ, বিজিবি ও নির্বাহী হাকিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন প্রার্থী আব্দুস সবুর।

ওসি শহিদুল ইসলাম বলেন, আগুনের ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।