২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে ২৬ শতাংশ মানুষের উচ্চ রক্তচাপ: সমীক্ষা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনটি অঞ্চলের নয়টি ওয়ার্ডে ১২ হাজার মানুষের উপর ‘উচ্চ রক্তচাপ ও স্থূলতা স্ক্রিনিং’ করা হয়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2022, 01:18 AM

Updated : 01 Nov 2022, 12:44 PM

নারায়ণগঞ্জ শহরের শতকরা ২৬ জন মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন বলে এক সমীক্ষায় উঠে এসেছে। 

সকাল-সন্ধ্যা অফিসে কাজ করা চাকরিজীবী ও ব্যবসায়ীরা এই তালিকায় শীর্ষে রয়েছেন বলে সমীক্ষায় উল্লেখ করা হয়। 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এই সমীক্ষার ফলাফল জানাতে সোমবার বিকালে নগরভবনে এক সভার আয়োজন করা হয়। 

জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনটি অঞ্চলের নয়টি ওয়ার্ডের ১২ হাজার মানুষের উপর ‘উচ্চ রক্তচাপ ও স্থূলতা স্ক্রিনিং’ করা হয়। 

সেভ দ্য চিলড্রেন ও সিডিসির সহযোগিতায় এ বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত এই কার্যক্রম চলে। 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলীর সভাপতিত্বে সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞ ও সেভ দ্য চিলড্রেনের কনসাল্টেন্ট ডা. নিজাম আলী, ইউনিসেফ প্রতিনিধি ডা. ফারহানা আক্তার উপস্থিত ছিলেন। 

ডা. নিজাম আলী জানান, ত্রিশোর্ধ্ব বয়সী ১২ হাজার মানুষের উচ্চ রক্তচাপ ও স্থূলতা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২৬ শতাংশের উচ্চ রক্তচাপ রয়েছে। ৬ শতাংশ উচ্চ রক্তচাপের কারণে ঝুঁকিতে রয়েছেন। এছাড়া শহরের ৬ শতাংশের বেশি মানুষের স্থূলতা রয়েছে। 

উচ্চ রক্তচাপ ও স্থূলতা অসংক্রামক হলেও মানুষকে তা মারাত্মক মৃত্যুঝুঁকিতে ফেলে মন্তব্য করে তিনি বলেন, সারাবিশ্বে ১৩ শতাংশ মৃত্যু হয় উচ্চ রক্তচাপের কারণে। স্থূলতা উচ্চ রক্তচাপের একটি বড় কারণ। একনাগারে ডেস্কে বসে কাজ করা চাকরিজীবী ও ব্যবসায়ীদের উচ্চ রক্তচাপ বেশি পাওয়া গেছে। কেননা তারা মানসিক চাপের মধ্যে থাকেন এবং শারীরিক ব্যায়াম কম করে থাকেন। 

অসংক্রামক হলেও উচ্চ রক্তচাপ ও স্থূলতা নিয়ে মানুষের সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মন্ত্য করে শহিদুল ইসলাম বলেন, “করোনার মতো সংক্রামক রোগ নিয়ে মানুষ যতটা সচেতন উচ্চ রক্তচাপ, ডায়েবেটিকস বা স্থূলতা নিয়ে ততটা সচেতন নন। অথচ এসব রোগে আক্রান্ত হয়েই অনেকে মারা যাচ্ছেন। সচেতনতা তৈরি হলে এই রোগ হওয়ার আগেই প্রতিরোধ করা যায়; হলেও নিয়ন্ত্রণ করা যায়।” 

জনস্বাস্থ্য শক্তিশালী করতে এই পরিসংখ্যান গুরুত্ব বহন করবে বলে মন্তব্য করেন নিজাম আলী। 

তিনি বলেন, এই পরিসংখ্যানের উপর ভিত্তি করে আগামীতে স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় সরকারের পরামর্শ ও সহযোগিতায় জনস্বাস্থ্য শক্তিশালী করতে প্রয়োজনী পদক্ষেপ গ্রহণ করা হবে।