২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে আগুনে পুড়ল বিদ্যালয়ের ১১ কক্ষ

তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2026, 10:05 PM

Updated : 26 Aug 2026, 03:44 PM

খাগড়াছড়ি সদর উপজেলার একটি বিদ্যালয়ের ১১টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। 

রোববার বিকালে পানখাইয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা জানান।

স্থানীয়রা জানায়, বিকালে বিদ্যালয়ের টিনশেড ভবনে হঠাৎ আগুন দেখতে পায় তারা। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও দ্রুত বিস্তারের কারণে তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ইনচার্জ মুকুল কুমার নাথ বলেন, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়েছে।

“অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের ১১টি কক্ষ পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর জানা যাবে।

সদর উপজেলার ইউএনও ফারিয়া সুলতানা বলেন, “আগুনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব।”

ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক (সার্বিক) ও পানখাইয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাসান মারুফ, খাগড়াছড়ি সদর সেনাঞ্চলের সদস্যরা।