Published : 25 May 2026, 12:05 PM
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ার শাজাহানপুর উপজেলায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি ও তার মেয়ের প্রাণ গেছে।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বগুড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন।
নিহতরা হলেন- আনিছুর রহমান (৩৫) ও তার চার বছর বয়সী মেয়ে পুস্পা আক্তার।
আনিছুর রহমান রংপুরে ব্র্যাকে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত তার স্ত্রী আয়েশা বেগম (২৫) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বলছে, ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে রংপুর থেকে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন আনিছুর রহমান। পথে একটি গাড়ির ধাক্কায় তিনজনই মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়েন।
এতে ঘটনাস্থলেই আনিছুর ও তার মেয়ের মৃত্যু হয়। পরে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ এবং গুরুতর আহত অবস্থায় আয়েশা বেগমকে উদ্ধার করেন।
বগুড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়। মোটরসাইকেলে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।”