রাজবাড়ীতে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে যুবককে হত্যা
পরিদর্শক হুমায়ুন বলেন, হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
রাজবাড়ীর গোয়ালন্দে পূর্বশত্রুতা ও কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
শনিবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার কাজীপাড়া তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন রেজা।
নিহত শহিদুল ইসলাম হিরা (৪০) কাজীপাড়া এলাকার জাবেদের ছেলে।
তাকে হত্যায় জড়িত থাকার অভিযোগ ওঠা কামরুল ইসলাম উপজেলার কুমড়াকান্দি মল্লিকপাড়ার মঞ্জুর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।
স্থানীয়দের বরাতে পরিদর্শক (তদন্ত) হুমায়ুন রেজা বলেন, সকালে শহিদুল ইসলাম হিরা ও কামরুল ইসলামের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কামরুল ইসলাম হিরাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হুমায়ুন আরও বলেন, হত্যাকাণ্ডে কারণ জানতে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
