২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে বাকপ্রতিবন্ধী শিশুকে ‘হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ’, গ্রেপ্তার ১

শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করার সময় শাকুল সাংমা তাকে ফুসলিয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2026, 10:22 AM

Updated : 26 Aug 2026, 03:35 PM

ময়মনসিংহের হালুয়াঘাটে ১১ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বেলা ৩টার দিকে জুগলী ইউনিয়নের ছাতুগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। রাতেই শিশুটির মা বাদী হয়ে মামলা করেন বলে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন। 

গ্রেপ্তার ৫৬ বছর বয়সী শাকুল সাংমা একই এলাকার মতিন মারাকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করার সময় শাকুল সাংমা তাকে ফুসলিয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে শিশুটিকে হত্যার ভয় দেখিয়ে এবং মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করা হয়।

এ সময় স্থানীয় চৌকিদার বক্তার মিয়াসহ আশেপাশের লোকজন দেখে ফেলায় শাকুল পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হলে, সে ইশারা-ইঙ্গিতের মাধ্যমে তার বাবা ও মাকে নির্যাতনের কথা জানায়।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি থানায় জানালে করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সত্যতা পায়। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শাকুল সাংমাকে গ্রেপ্তার করে।

স্থানীয়দের দাবি, শাকুলের বিরুদ্ধে এর আগেও এলাকায় নারীদের উত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্যাতনের শিকার শিশুটিক উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আর আসামিকে আদালতে তোলার প্রস্তুতি চলছে।