২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে কিশোরকে কুপিয়ে হত্যা, বন্ধু আহত

সিয়ামের বাবা বলেন, “আমি শুনেছি, পুরোনো দ্বন্দ্বের জেরে কিছু পোলাপান আমার পোলারে কোপাইছে৷ কিন্তু কী সে দ্বন্দ্ব তা আমি জানি না৷”

নারায়ণগঞ্জে কিশোরকে কুপিয়ে হত্যা, বন্ধু আহত
মো. সিয়াম।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2024, 05:39 PM

Updated : 26 Aug 2026, 11:10 AM

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুরোনো দ্বন্দ্বের জেরে এক কিশোর হোসিয়ারি শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার আহত হয়েছেন তার বন্ধু।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার পিলকুনি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম।

নিহত ১৭ বছর বয়সী মো. সিয়াম মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার আব্দুল হালিমের ছেলে৷ তার পরিবার পিলকুনি এলাকায় ভাড়া বাসায় থাকে।

সিয়ামের বন্ধু মিলন (১৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান সিয়ামের বাবা আব্দুল হালিম৷

তিনি বলেন, সিয়াম স্থানীয় একটি হোসিয়ারি কারখানায় কাজ করে৷ বেশ কিছুদিন অসুস্থ থাকার পর ১৫ দিন ধরে আবারো কাজে যাচ্ছিল৷ শুক্রবার রাত পৌনে ১০টার দিকে কিছু ছেলে এসে সিয়ামের আহতের কথা জানালে ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পান৷

স্থানীয়দের বরাতে ওসি শরীফুল বলেন, রাত সাড়ে ৯টার দিকে একদল কিশোর-তরুণ সিয়াম ও মিলনকে কুপিয়ে আহত করে৷ তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা৷ 

সেখানে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করে এবং মিলনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷

সিয়ামের বাবা আব্দুল হালিম বলেন, “আমি শুনেছি, পুরোনো দ্বন্দ্বের জেরে কিছু পোলাপান আমার পোলারে কোপাইছে৷ কিন্তু কী সে দ্বন্দ্ব তা আমি জানি না৷”

সিয়ামের আরেক বন্ধু রাব্বি বলেন, কয়েক মাস আগে এলাকার কিছু কিশোরের সঙ্গে তাদের ঝগড়া ও মারামারি হয়৷ ওই দ্বন্দ্বের জেরেই সিয়াম ও মিলনকে কোপানো হয়েছে৷

ওসি শরীফুল ইসলাম বলেন, “এ ঘটনায় কয়েকজনের নাম পুলিশ প্রাথমিক তদন্তে পেয়েছে৷ তাদের ধরতে পুলিশ কাজ করছে৷”

এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা৷