১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটোরের সিংড়ায় যুবককে পিটিয়ে হত্যা

আকরাম নামের এই যুবক ‘গণপিটুনিতে’ নিহত হয়েছেন বলে জানিয়েছেন ওসি মমিনুজ্জামান।

নাটোরের সিংড়ায় যুবককে পিটিয়ে হত্যা
নাটোরের সিংড়ায় খুন হওয়া আকরামের পরিবারের সদস্যদের আহাজারি।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2025, 11:21 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

নাটোরের সিংড়ায় ‘কবুতর চুরির’ অভিযোগে আকরাম হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার দুপুরে সিংড়ার পাটকোল এলাকায় ‘গণপিটুনির’ পরে বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সিংড়া থানার ওসি মমিনুজ্জামান।

নিহত আকরাম হোসেন (২৫) সিংড়ার পৌর সদরের পার-সিংড়া এলাকার প্রয়াত ইউনুস আলীর ছেলে।

ওসি মমিনুজ্জামান বলেন, এক সপ্তাহ আগে সিংড়া পাটকোল এলাকায় একটি কবুতরের খামার থেকে ‘কবুতর চুরি’ করে আকরাম পালিয়ে যান। যে ঘটনা সিসিটিভির ভিডিওতে দেখতে পায় পাটকোল এলাকার মিঠু ও তার আশেপাশের প্রতিবেশীরা। 

ওসি বলেন, এদিন দুপুরে আকরাম ওই এলাকায় গেলে তাকে ধরে ‘গণপিটুনি’ দেওয়া হয়। পরে পুলিশ আকরামকে গুরুতর আহত অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

আকরামের মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

কারা মারপিট করেছে জানতে চাইলে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন সাংবাদিকদের বলেন, “‘কবুতর চুরির’ ঘটনাকে কেন্দ্র করে পাটকোল এলাকার মিঠু ও স্থানীয় লোকজন আকরামকে মারপিট করে। পরে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।”

লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেছেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।