১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে শ্মশান থেকে খুলি চুরি: গ্রেপ্তার ৩, খুলি উদ্ধার

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও চুরির অভিযোগে শ্মশান কমিটির সভাপতি বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে হরিরামপুর থানায় মামলা করেন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 12:12 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

মানিকগঞ্জের হরিরামপুরে শ্মশান থেকে খুলি চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি খুলি। 

বুধবার সন্ধ্যায় ধুলশুরা ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন। 

গ্রেপ্তাররা হলেন, ধূলশুরা ইউনিয়নের বাবুরহাটি এলাকার সুশীল সরকারের ছেলে শিশির সরকার (২১) ও প্রতিত বিশ্বাসের ছেলে দীপক বিশ্বাস (২২) এবং বোয়ালি এলাকার নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে রাজেশ বিশ্বাস (৩৪)।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ওসি মুহাম্মদ আফজাল হোসেন বলেন, বোয়ালিয়া গ্রামের মহাশ্মশান থেকে মঙ্গলবার মধ্যরাতে খুলি চুরির ঘটনা ঘটে। 

এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও চুরির অভিযোগে শ্মশান কমিটির সভাপতি দ্বিজেন হালদার বাদী হয়ে বুধবার বিকালে তিনজনের বিরুদ্ধে হরিরামপুর থানায় মামলা করেন। 

তিনি আরও জানান, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।