Published : 04 Oct 2025, 09:52 PM
শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর দিন থেকে গোপালগঞ্জে শুরু হয়েছে চার দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা। দুর্গাপূজার বিজয়াকে আরও আনন্দ মুখর করে তুলছে এই নৌকাবাইচ।
শনিবার কোটালীপাড়া উপজেলার পীড়ারবাড়ী খালে এবং মুকসুদপুর উপজেলার বেদগ্রাম ও পাটিকেলবাড়িতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকাবাইচকে কেন্দ্র করে বসেছে হাজার-হাজার মানুষের মিলন মেলা।
পীড়ারবাড়ীর প্রতিযোগিতায় গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল ও ফরিদপুরের অন্তত ৩৫টি সরেঙ্গা, ছিপ, কোষা, চিলাকাটা, জয়নগর বাচারী নৌকা অংশ নেয়। নান্দনিক এ নৌকাবাইচ প্রতিযোগিতা দুপুর ২টা থেকে শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জেলানী।
আগামীকাল রোববার মুকসুদপুর উপজেলার বণ্যাহাটি গ্রামে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে জানিয়েছেন আয়োজকরা।

এর আগে শনিবার কোটালীপাড়া উপজেলার পীড়ারবাড়ি খালে এবং মুকসুদপুর উপজেলার বেদগ্রাম ও পাটিকেলবাড়িতে বিজয়া দশমীর নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।