১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে নারীকে দলবেঁধে ধর্ষণের মামলায় ২ আসামি গ্রেপ্তার

৩০ মার্চ পাংশার মৈশালা বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ নারীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 10:03 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

রাজবাড়ীর পাংশা উপজেলায় এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে করা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার বিকালে কুষ্টিয়া সদর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন, মামলার প্রধান আসা‌মি পাংশা উপজেলার কুলাটিয়া গ্রামের হাবিবুর রহমান রাজার ছেলে হাসিবুর রহমান অন্তর (৪০) এবং পারনারায়ণপুর এলাকার মো. তায়জাল মুন্সীর ছেলে মো. বরকত মুন্সী (৩৪)।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ মার্চ পাংশার মৈশালা বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষমাণ ৩২ বছর বয়সী এক নারীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে অসুস্থ অবস্থায় তাকে কুষ্টিয়া সদর থানার এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। 

এ ঘটনায় ভুক্তভোগী নারী ১ এপ্রিল পাংশা মডেল থানায় তিনজনকে আসামি করে মামলা করেন। 

পরে সেদিনেই মামলার এক আসামি রাশেদুজ্জামান ওরফে রাশেদকে গ্রেপ্তার করে পাংশা থানা পুলিশ।

মঙ্গলবার গ্রেপ্তার হওয়া দুই আসামিকেও পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে। 

আগের সংবাদ-

রাজবাড়ীতে মাইক্রোবাসে নারীকে তুলে নিয়ে 'দলবেঁধে ধর্ষণ', গ্রেপ্তার ১