১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফের যৌথ বাহিনীর সঙ্গে অপহরণকারীদের ‘গোলাগুলি’, অপহৃত যুবক উদ্ধার

“আত্মরক্ষার্থে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়।”

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2025, 04:51 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

কক্সবাজারের টেকনাফে পাহাড়ের আস্তানায় ডাকাত ও অপহরণকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে কোস্টগার্ড।

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর জানান, শনিবার গভীর রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনার পর অস্ত্র, গুলি ও মাদকসহ অপহৃত একজনকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার ২০ বছর বয়সী মো. সোহেল টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে।

লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর বলেন, “বিপুল পরিমাণ অস্ত্রসহ একদল দুর্বৃত্তের অবস্থানের খবর পায় আইন-শৃংখলা বাহিনী। পরে কোস্টগার্ড ও পুলিশের একটি যৌথদল সেখানে অভিযান চালায়। দুর্বৃত্তরা টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।

“আত্মরক্ষার্থে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়।”

পরে গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে একটি জি-৩ রাইফেল, দুটি বিদেশী পিস্তল, তিনটি দেশীয় বন্দুক, তিন হাজার ১০০টি রাইফেলের গুলি, ১৪টি পিস্তলের গুলি, এক কেজি ক্রিস্টাল মেথ আইস ও চার লিটার দেশী মদ উদ্ধারের খবরও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।  

তিনি বলেন, উদ্ধার করা অস্ত্রগুলো টেকনাফ থানায় হস্তান্তর করে মামলার প্রস্তুতি চলছে।